• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ এএম


‘জয়টা আমার কাছে ব্যক্তিগত’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ মে ২০২৬ ৩:১০ পিএম

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে টালিউডের তারকাদের প্রতিক্রিয়া ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের নির্বাচনী বিজয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী।

গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর তিনি এই জয়কে নিজের কাছে “খুবই ব্যক্তিগত” বলে উল্লেখ করেন।

আরজি কর মেডিকেল কলেজের ঘটনাটি সামনে আসার পর থেকেই মিমি চক্রবর্তী এ বিষয়ে সরব ছিলেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি যেমন রাজপথে নেমে প্রতিবাদ করেছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থেকেছেন। এ অবস্থান নেওয়ার কারণে তাকে নানা ধরনের কুরুচিকর মন্তব্য ও হুমকির সম্মুখীন হতে হয়েছে। তবে এসবের পরও তিনি তার অবস্থান থেকে সরে যাননি। বরং দৃঢ়ভাবে জানিয়েছেন, হুমকি দিয়ে তাকে থামানো সম্ভব নয়।

২০১৬ সালে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নির্যাতিতার মা এবার নির্বাচনে জয়ী হওয়ার পর মিমি সেই খবরটি শেয়ার করেন। এ সময় তিনি লেখেন, এই জয় তার কাছে অত্যন্ত ব্যক্তিগত অনুভূতির বিষয়। একই সঙ্গে তিনি এটিও উল্লেখ করেন, এই সাফল্য কোনোভাবেই একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না।

উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী হিসেবে যাদবপুর কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে। /এইচটি