• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৬ এএম


তামিলনাড়ু নির্বাচনে নতুন চমক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ মে ২০২৬ ২:৫০ পিএম

তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়র রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে)। দীর্ঘ প্রায় ছয় দশক ধরে রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করা ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্য ভেঙে দিয়ে দলটি উল্লেখযোগ্য সাফল্যের পথে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩৪ সদস্যের বিধানসভায় টিভিকে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে রাজধানী চেন্নাইর গুরুত্বপূর্ণ বিরুগামবাক্কম আসনে জয় পেয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন। তিনি থালাপতি বিজয়ের ব্যক্তিগত ড্রাইভারের ছেলে। এই জয় তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। সাবারিনাথন ডিএমকের প্রভাকারা রাজা এবং এআইএডিএমকের বিরুগাই রভিকে ২২ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন।

এদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় উচ্চপ্রোফাইল ডিএমকে নেতারা একের পর এক পরাজয়ের মুখে পড়েছেন। পরাজিতদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে হেরে গেছেন।

অন্যদিকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত থালাপতি বিজয় নিজেও তিনটি আসনে জয় লাভ করেছেন। তবে তাঁর দল এখনো ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন হবে।

এই সমর্থন কংগ্রেস, এআইএডিএমকে কিংবা বিভিন্ন আঞ্চলিক দলের কাছ থেকে আসবে কি না, তা আগামী কয়েক দিনের মধ্যেই স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

/এইচটি