• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম


‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে বড় পর্দায় ফিরছেন মৌসুমী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ মে ২০২৬ ৭:৪৫ পিএম

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে কিছুটা দূরে থাকলেও প্রবাসে মাঝে মাঝে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। প্রবাসজীবনের নানা বাস্তবতা ও কঠিন পরিস্থিতিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে পরিচালক হাসান জাহাঙ্গীরের নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।

এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। গল্পে তুলে ধরা হয়েছে এমন এক নারীর জীবন, যিনি বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়েতে জড়িয়ে পড়েন। নির্মাতা জানান, এই গল্পের মাধ্যমে সচেতনতার একটি বার্তাও দেওয়ার চেষ্টা করা হয়েছে।

পরিচালক হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। ইতোমধ্যে গত মার্চে এটি সেন্সর সার্টিফিকেশন সনদও পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, “এই গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মান তুলে ধরা হয়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ বিদেশে যান। তারা কীভাবে সেখানে টিকে থাকেন, ধীরে ধীরে কীভাবে সংসার গড়ে তোলেন— সেই সংগ্রামের গল্পই ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।”

তিনি আরও জানান, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্যধারণ যুক্তরাষ্ট্রে হয়েছে, বাকি অংশের কাজ সম্পন্ন হয়েছে দেশে। তার ভাষায়, “এই গল্পের উপকরণ বাস্তব জীবন থেকে নেওয়া। বিদেশের জীবনসংগ্রাম প্রায় সবারই কমবেশি থাকে। তাই দর্শকদের এসব গল্প দেখা উচিত।”

মুক্তির সময় নির্বাচন নিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, “আমরা মূলত দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা করেছিলাম। ১৫ মে আমাদের কাছে উপযুক্ত সময় মনে হয়েছে। এই সময়েই সিনেমাটি মুক্তি পাবে।”

তিনি জানান, দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

পরিচালক আরও বলেন, মৌসুমীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সোনার চর’। প্রায় দুই বছর পর আবারও নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, এর আগে একই নামের একটি ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক। সেটিই পরবর্তীতে সিনেমা আকারে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে মৌসুমীর পাশাপাশি ডন, হাসান জাহাঙ্গীরসহ আরও অনেকে অভিনয় করেছেন।

এছাড়া নির্মাতা জানান, সিনেমাটির টেলিভিশন স্বত্ব ইতোমধ্যে বিক্রি করা হয়েছে এবং ঈদে এটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

/এসএন