নয় কোটি রুপির একটি চেক বাউন্স মামলাকে কেন্দ্র করে বর্তমানে আর্থিক ও আইনি সংকটে রয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। তবে এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। জানা গেছে, প্রযোজক দিল রাজুর প্রযোজনায় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বংশী পৈডিপল্লির আগামী অ্যাকশন–ড্রামা ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে।নাম ঠিক না হওয়া এই ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা নয়নতারা।বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, এই বিগ বাজেট বিনোদনমূলক ছবিতে সালমান খানের “ডান হাত” হিসেবে অভিনয় করবেন রাজপাল যাদব। সিনেমাজুড়ে এই দুই তারকার মধ্যে দারুণ রসায়ন দেখা যাবে। মে মাসে শুটিং শুরু করার কথা থাকলেও রাজপাল গতকাল থেকেই সেটে যোগ দিয়েছেন। সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ ও পছন্দের অভিনেতা হওয়ায় এই বিশেষ চরিত্রের জন্য রাজপালকেই যোগ্য মনে করা হয়েছে।এর আগে ‘পার্টনার’ এবং ‘মুঝসে শাদি করোগি’–এর মতো একাধিক ব্যবসাসফল ছবিতে এই জুটিকে দর্শক পছন্দ করেছেন। নতুন এই ছবিতেও রাজপালের চরিত্রে একটি বিশেষ কমেডি অ্যাঙ্গেল থাকবে, যা দর্শকদের বিনোদন দেবে।দিল রাজুর শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস ব্যানারে নির্মিত এই ছবির কাজ বর্তমানে মুম্বাইয়ের একটি বিশাল সেটে চলছে। পরিচালক বংশী পৈডিপল্লি, যিনি এর আগে মহেশ বাবু, প্রভাস এবং বিজয়ের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন, তার পরিচালনায় এই প্রজেক্টকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।২০২৭ সালে বিশ্বজুড়ে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।বর্তমানে ব্যক্তিগত জীবনের আইনি টানাপোড়েন চললেও বলিউডের এই বড় প্রজেক্টে যুক্ত হওয়া রাজপাল যাদবের ক্যারিয়ারের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।সূত্র: এনডিটিভি