• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম


মে দিবসে মুক্তি পাচ্ছে ‘মানুষটিকে দেখ’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ১১:২৯ এএম

মে দিবস উপলক্ষে ১ মে প্রেক্ষাগৃহে আসছে গাজী রাকায়েত পরিচালিত বক্তব্যধর্মী চলচ্চিত্র ‘মানুষটিকে দেখ (See The Person)’। সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর অর্থায়নে নির্মিত এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন হুমায়ূন ফরিদ।প্রযোজক হুমায়ূন ফরিদ জানিয়েছেন, আগামী শুক্রবার রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটির মুক্তি দেওয়া হবে। মুক্তির আগে ৩০ এপ্রিল বৃহস্পতিবার একই প্রেক্ষাগৃহে সকাল ১০টা ৩০ মিনিটে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।সামাজিক কুসংস্কার দূর করা ও গণসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্র ফরিদা আহমেদ, যিনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত হলেও দৃঢ় মনোবল নিয়ে সমাজের অবহেলার বিরুদ্ধে লড়াই করেন। তার জীবনে সহায়ক হিসেবে যুক্ত হয় তরুণ ফিরোজ মালমুদ, যাকে ঘিরে গড়ে ওঠে সম্পর্ক ও পারিবারিক-সামাজিক জটিলতা।চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ইংরেজ লেখক ও পরিচালক এলসপেথ ওয়েলডি। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মামুনুর রশীদ, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, রাশনা শারমিন কেমি, তাহমিদ আরেফিন হকসহ অনেকে।নির্মাতা গাজী রাকায়েত বলেন, এটি তার তৃতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ‘মৃত্তিকা মায়া’ ও ‘গোর – The Grave’ জাতীয় পুরস্কারসহ দর্শকপ্রিয়তা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই চলচ্চিত্রটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে।চলচ্চিত্রটির শিল্প নির্দেশনা, চিত্রগ্রহণ, আবহসংগীত, সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের কাজেও যুক্ত আছেন অভিজ্ঞ নির্মাতা ও প্রযুক্তিবিদরা। ইতোমধ্যে প্রকাশিত ট্রেইলার সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। গত ডিসেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।