• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম


পানিতে ডুবে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল

আপডেট টাইম: ২৯ মার্চ ২০২৬ ৯:৪৮ পিএম

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় পানিতে ডুবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন–এর অনলাইন সংস্করণে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়, একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দিঘার তালসারি এলাকায় পানিতে নামেন রাহুল। এ সময় তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি জানা গেছে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় ছোট ও বড় পর্দা মিলিয়ে প্রায় ৪৫০টির মতো নাটক ও কাজে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’।

ব্যক্তিজীবনে তিনি ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। পরে ২০১৭ সাল থেকে আলাদা থাকেন এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ।

সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন রাহুল, যা বেশ আলোচনায় ছিল।