• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ এএম


৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন আমির, থাকছে না জাঁকজমক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১:৩৮ এএম

বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে নানা আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ৫ জুলাই নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা।

পাত্রীর নাম গৌরী স্প্র্যাট। ব্যাঙ্গালুরুর বাসিন্দা দীর্ঘদিনের এই প্রেমিকার সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন আমির। মুম্বাইয়ে নিজের বাড়িতেই একেবারে ঘরোয়া ও সাদামাটা পরিবেশে আইনি বিয়ে সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত ও আয়োজন নিয়ে কথা বলেন আমির খান। তিনি জানান, কোনো ধরনের বড় উৎসব বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন থাকছে না। দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

আমির খান বলেন, ‘‘বাড়িতেই একটি রেজিস্ট্রি বিয়ের আয়োজন করা হবে। আমরা দুজনের কেউই খুব একটা আড়ম্বর চাই না। তাই সাদামাটাভাবেই জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’’

তবে বলিউডের ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধু শাহরুখ খান কিংবা সালমান খান এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

২০২৪ সালের শেষের দিকে গৌরী স্প্র্যাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আমির খান। পরে নিজের ৬০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে প্রেমিকা গৌরীর পরিচয় করিয়ে দেন তিনি।

ব্যক্তিগত জীবনে এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির খান। পরবর্তীতে তাদের দুজনের সঙ্গেই তার বিবাহবিচ্ছেদ হয়। এবার গৌরী স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা।