• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম


গেম অব থ্রোনস’ তারকা মাইকেল প্যাট্রিক আর নেই

The Pulse BD news desk
আপডেট টাইম: ১০ এপ্রিল ২০২৬ ১১:০৬ পিএম

বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অব থ্রোনস’–এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক আর নেই। মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী নাওমি শিহান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’–এর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর চিরবিদায় নিয়েছেন মাইকেল।

জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’–এ বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’–এর একজন সদস্য হিসেবে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রটি বড় না হলেও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন।

শুধু টেলিভিশন নয়, চলচ্চিত্রেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন মাইকেল প্যাট্রিক। অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’–এ তার অভিনয় প্রশংসিত হয়। এছাড়া ‘ব্লু লাইটস’ ও ‘মাই লেফট নাট’–এর মতো জনপ্রিয় টিভি শো এবং থিয়েটারেও তিনি ছিলেন সক্রিয়।

২০২৩ সাল থেকে তিনি ‘মোটর নিউরন ডিজিজ’ নামের জটিল রোগে ভুগছিলেন। এ রোগে ধীরে ধীরে শরীরের পেশি নিয়ন্ত্রণ, চলাফেরা ও কথা বলার ক্ষমতা কমে যায়। শেষ দিকে শ্বাস-প্রশ্বাস নিতেও তাকে মারাত্মক কষ্ট সহ্য করতে হয়েছে।

মাইকেলের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।