• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম


পাঁচ দিনেই ৮০ কোটির ঘরে মালায়ালাম সিনেমা ‘ভাজা ২

The Pulse BD news desk
আপডেট টাইম: ১০ এপ্রিল ২০২৬ ৫:৪৩ পিএম

বছরের শুরুতেই বক্স অফিসে দারুণ সাফল্য দেখিয়েছে মালায়ালাম সিনেমা ‘ভাজা ২’। মুক্তির মাত্র পাঁচ দিনেই ছবিটির আয় প্রায় ৮০ কোটি রুপিতে পৌঁছেছে, যা এটিকে এ বছরের অন্যতম সফল সিনেমার তালিকায় জায়গা করে দিয়েছে।

২০২৪ সালের জনপ্রিয় সিনেমা ‘ভাজা’–এর সিক্যুয়েল এই ছবিতে তুলে ধরা হয়েছে বন্ধুত্ব, কৈশোর ও বেড়ে ওঠার গল্প। হালকা কমেডি-ড্রামার মিশেলে নির্মিত সিনেমাটি কেরালাজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

নবাগত নির্মাতা সাভিন এসের পরিচালনায় নির্মিত ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহ কাড়ে। সময়ের সঙ্গে সঙ্গে ইতিবাচক প্রতিক্রিয়া বাড়তে থাকে, যা সিনেমাটির বাণিজ্যিক সাফল্যে বড় ভূমিকা রাখে।

ভিন্নধর্মী গল্পে এগোনো ‘ভাজা ২’ ধীরে ধীরে আবেগঘন মোড়ে পৌঁছে দর্শকদের স্পর্শ করে। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষভাগে আবেগের গভীরতা আরও তীব্র হয়ে ওঠে। লেখক বিপিন দাস চিত্রনাট্যে তুলে ধরেছেন কিছু ‘ব্যর্থ’ তরুণের জীবনের গল্প, যেখানে ব্যর্থতার ভেতর থেকেই উঠে আসে অপ্রত্যাশিত সাফল্যের অনুপ্রেরণা।

ছবিতে অভিনয় করেছেন হাশির এইচ, আজিন জয়, বিনায়ক ভি ও অ্যালান বিন সিরাজ। তাঁদের স্বতঃস্ফূর্ত অভিনয়, সমসাময়িক বিষয়বস্তু এবং বাস্তবধর্মী উপস্থাপনাই সিনেমাটির জনপ্রিয়তার মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

২ এপ্রিল মুক্তি পাওয়া ‘ভাজা ২’ শুধু দর্শকদের মন জয় করেনি, বরং সমালোচকদের কাছ থেকেও পাচ্ছে ব্যাপক প্রশংসা।