ছবি: সংগৃহীত
নো পলিটিক্স’ লেখা ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে।
শিক্ষার্থীরা জানান, রোববার রাতে ক্যাম্পাসে ‘গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি চলবে না’ লেখা একটি ব্যানার টানানো হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা সেটি খুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর প্রতিবাদে রাতেই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি জিয়া হলের সামনে গেলে সেখানে ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা বিক্ষোভ শুরু হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শিক্ষকরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার জেরে শিক্ষার্থীরা সোমবার দুপুর ২টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ডাক দেন। সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।