• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ এএম


চুয়েটে ভিসি পুনর্বহালের দাবিতে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীদের বিক্ষো’ভ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৩ পিএম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ‘প্রশ্নযাত্রা’ নামে ব্যতিক্রমী বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে ছিল ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড। মাত্র ৫৬ দিনের মাথায় কেন উপাচার্যকে অপসারণ করা হলো, বিক্ষোভ থেকে প্রশাসনের কাছে সেই প্রশ্নই তুলে ধরেন তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। শহীদ মিনার থেকে বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আজ ছিল সপ্তম দিন। ষষ্ঠ দিনের মতো রোববারও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক সায়েম একজন অত্যন্ত গ্রহণযোগ্য শিক্ষক ও উপাচার্য ছিলেন। তার ৫৬ দিনের নেতৃত্বে চুয়েট দ্রুত এগিয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু হঠাৎ তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। তাকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, ‘আমরা আজকের কর্মসূচিতে একটাই প্ল্যাকার্ড ব্যবহার করেছি। প্রতিটি প্ল্যাকার্ডে ৫৬-এর পাশে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এর মাধ্যমে আমরা জানতে চেয়েছি, ৫৬ দিনেই কেন অধ্যাপক সায়েমকে অপসারণ করা হয়েছে।’

আরেক শিক্ষার্থী নাফিসা রিদিতা বলেন, ‘আমরা একটা দাবি নিয়ে আন্দোলন করছি। আমরা সায়েম স্যারকে পুনর্বহাল চাই। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

অবস্থান কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীরা পথনাটকও করেন। এতে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের যোগদানকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন তারা। একই সঙ্গে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিও তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা

‘প্রশ্নযাত্রা’ কর্মসূচি শেষে বিকেল চারটায় সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম, মৌমিতা দত্ত প্রিয়া ও রাতুল হাসান।

তারা জানান, অধ্যাপক সায়েম দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক কলাবোরেশন অফিস, রিসার্চ হাব, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগসহ বিভিন্ন প্রগতিশীল উদ্যোগ শুরু করেছিলেন। শিক্ষার্থীদের মতে, এসব উদ্যোগ পর্যাপ্ত সময় পেলে চুয়েটের দীর্ঘমেয়াদি শিক্ষার গুণগত মান নিশ্চিত ও স্পষ্ট হতে পারত।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। বর্তমান সরকার চুয়েটের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও সম্মিলিত মতামতকে যথাযথ গুরুত্ব দেবে বলে প্রত্যাশা করছি। চুয়েট পরিবারের উদ্বেগ, দেশ-বিদেশের অ্যালামনাইদের সংহতি, আন্তর্জাতিক একাডেমিক মহলের সমর্থন ও অধ্যাপক সায়েম স্যারের গৃহীত শিক্ষা ও গবেষণামুখী উদ্যোগগুলো বিবেচনায় নিয়ে চলমান পরিস্থিতি পুনর্বিবেচনা করা হবে-এটাই আমাদের প্রত্যাশা।’

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

এদিকে একই দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরা। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ মাসরুর আহম্মদ বলেন, ‘আমাদের দাবি একটাই, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ধারণ করা। এখানে শিক্ষকদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। একটা অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আমরা মানসিকভাবে চাপে রয়েছি, শিক্ষার্থীরাও পিছিয়ে যাচ্ছে। সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারছি না। সরকারের কাছে আকুল আবেদন, বর্তমান সরকারের মিশন ও ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের এ চলমান সমস্যার সমাধান করুন। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি রক্ষা করুন।’

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রিয়োতোষ চক্রবর্তী বলেন, ‘আমাদের দাবি একটাই, ২১ সেপ্টেম্বর অধ্যাপক সায়েম স্যারকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করতে হবে। সম্মানিত শিক্ষকদের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। যতক্ষণ পর্যন্ত সায়েম স্যারকে পুনর্বহাল করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব।’

/এসএন