• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ এএম


শিক্ষামন্ত্রীর ইঙ্গিত: ডিসেম্বরেই হতে পারে পরবর্তী এসএসসি পরীক্ষা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ এপ্রিল ২০২৬ ৯:৪৭ পিএম

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে ভবিষ্যতে এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন।

এসএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষাবর্ষ জানুয়ারিতে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। সে অনুযায়ী কোর্স শেষ করে পরীক্ষার আয়োজন করা হলে শিক্ষার্থীদের এক বছর সময় অপচয় হবে না। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। শিক্ষার্থীদের সময় সাশ্রয় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও সমন্বিত করতে এ ধরনের সংস্কার উদ্যোগ নেওয়ার প্রস্তুতি চলছে।

বর্তমানে প্রচলিত ব্যবস্থায় দশম শ্রেণির পাঠ শেষ করার পরের বছর এসএসসি পরীক্ষা দিতে হয়। একইভাবে এইচএসসির ক্ষেত্রেও এক বছরের ব্যবধান থাকে। দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হলেও করোনা-পরবর্তী সময়ে সেই সূচিতে পরিবর্তন এসেছে। ২০২৬ সালে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ জুলাই থেকে।

ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোর্স শেষ হওয়ার সময় বিবেচনায় নিয়েই পরীক্ষা আয়োজন করা উচিত। তিনি ইঙ্গিত দেন, জানুয়ারিতে শুরু হওয়া পাঠক্রম যদি ডিসেম্বরে শেষ হয়, তাহলে একই সময়েই পরীক্ষা নেওয়া যৌক্তিক হতে পারে।

তবে ঠিক কবে থেকে এই নতুন পদ্ধতি কার্যকর হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি শিক্ষামন্ত্রী।