• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম


শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেয়া ঘিরে পদ হা/রালেন জাবির দুই ছাত্রদল নেতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ আগস্ট ২০২৬ ৩:২৮ পিএম

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দুই সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ওই দুই সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদার।

জানা গেছে, এহতেশামুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী। তিনি জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। অন্যদিকে ফয়েজ হাওলাদার সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী এবং তিনিও জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ছাত্রদলের প্রকাশিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণ হিসেবে শুধু ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’-এর কথা উল্লেখ করা হয়েছে।

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর জানিয়েছেন, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাবর বলেন, ‘১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওরা ফেসবুকে পোস্ট করেছে। ছাত্রদলের সাংগঠনিক ও আদর্শিক অবস্থান থেকে আমরা এটিকে আদর্শিক বিরোধিতা হিসেবে বিবেচনা করি। এই কারণেই তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

/এসএন