বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড দিবসকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ উপলক্ষে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এর পাশেই রাখা হয়েছে একটি জলকামান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি সেখানে রাখা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে কাউকে ফুল দিতে আসতে দেখা যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সূত্রে জানা গেছে, সকাল থেকে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো এলাকাজুড়েই কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে।
এদিকে ১৫ আগস্টকে ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমুখী নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিস্থিতি মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও তল্লাশিচৌকি পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরের সব প্রবেশপথে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার রাখা হবে।
এ ছাড়া ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে ডিএমপির বিশেষায়িত সোয়াট, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াড ইউনিট সুইপিং কার্যক্রম পরিচালনা করবে।
গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।
পাশাপাশি মহানগর পুলিশের সিটিএসবি ও ডিএমপির অভ্যন্তরীণ গোয়েন্দা (আইএডি) সদস্যরা সাদাপোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পাশাপাশি তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে অতিরিক্ত র্যাব সদস্য ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দলও মোতায়েন থাকবে।
ডিএমপি জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন থাকবে। স্বাভাবিক মোতায়েনের অতিরিক্ত হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিংমলসহ সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত কর্মকর্তা ও ফোর্স মোতায়েন থেকে নিরাপত্তা নিশ্চিত করবে।
এ ছাড়া ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠপর্যায়ে সরেজমিনে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে যাতে নিষিদ্ধ কোনো সংগঠন নাশকতা ঘটাতে না পারে, সে জন্য রাজধানীতে ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তবে তিনি বলেন, ১৫ আগস্ট ঘিরে কোনো হুমকি বা নাশকতার আশঙ্কা নেই।
/এসএন