বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ছবি শেয়ার করে মাশরাফি সেখানে লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নৃশংস ও মর্মস্পর্শী হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করা হয়।
এ ছাড়া বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও সেদিন হত্যা করা হয়।
একই দিনে বঙ্গবন্ধুর ভাগনে ও যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও হামলা চালানো হয়। সেখানে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি নিহত হন।
বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায়ও হত্যাকাণ্ড চালানো হয়। সেখানে আবদুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আবদুল নঈম খান নামে এক আত্মীয়কে হত্যা করে ঘাতকেরা।
তবে বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। এ উপলক্ষে দিনটিতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল।
তবে ছাত্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।
/এসএন