দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণজমায়েত এবং বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হতে থাকেন। পরে সেখান থেকে একটি প্রতিবাদী মিছিল বের করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এবং ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
এর আগে মঙ্গলবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন।
গণজমায়েত থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসনের প্রতি শিক্ষাঙ্গনে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
/এসএন