বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতিসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীত পাশে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্রশিবির সকাল ৯টায় একটি মিছিলের আয়োজন করে। এ সময় মিছিলে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতিসহ উভয় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর উভয় সংগঠন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, বহিরাগতদের এনে তাদের ওপর আগে হামলা করা হয়েছিল।
সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্যাম্পাসজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
/এএসএফ