• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ এএম


ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হাম/লা, আহ/ত শিবির নেতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৩:২৫ পিএম

ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলায় গুরুতর আহত হন আব্দুল মালেক। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে ঢাকা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। একই ঘটনায় ঢাকা কলেজ ছাত্রশিবিরের সদস্য ফজলুল হক ফরহাদকেও মারধর করে আটকে রাখার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি–২-এ শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ৫ ও ৬ নম্বর গ্যালারিতে সাজসজ্জার কাজ চলছিল।

তার অভিযোগ, এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রদলের নেতাকর্মী এসে অতর্কিত হামলা চালিয়ে আব্দুল মালেকসহ সেখানে উপস্থিত অন্যদের মারধর করেন।

মোহাম্মদ মামুন আরও দাবি করেন, হামলায় আব্দুল মালেকের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত পপুলার হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

/এসএন