মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের ওপর থেকে নিচে পড়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আরিফনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফনগরের একটি ভাড়া বাসার বারান্দায় অবস্থান করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত একটি স্থানে স্পর্শ করেন মনির। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারসাম্য হারিয়ে ভবনের তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
ঘটনাটি দেখতে পেয়ে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. মনিরুজ্জামান মনির দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি শওকত আলীর ছেলে এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি বলেন, “একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
/এসএন