বাবাকে দাফন করার পর সেদিন রাতেই কর্মস্থলে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসা বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় ইকনকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে তাকে বেতনসহ এক মাসের ছুটিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
সহায়তা পেয়ে ইসমাইল ইকন ও তার পরিবার বাংলাদেশ কৃষি ব্যাংক, গণমাধ্যম এবং দেশ-বিদেশের সব শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া। সেদিন বিকেলে বাবার দাফন সম্পন্ন করার পর রাতেই বাগেরহাট কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। পরদিন সকালে সরকারি পিসি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।
ইকনের এই সংগ্রামী জীবনের গল্প গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশের অসংখ্য মানুষ তার পড়াশোনা ও পরিবারের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। সেই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব্যাংকের এই সহায়তা তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।
/এএসএফ