• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম


ওয়াশরুমে গোপ/নে ভিডিও ধারণের অভি/যোগে উ/ত্তাল খুবি, প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ২:৩৪ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়’২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনে কর্মরত ইমাম হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদ, সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার (২২ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে হলের ক্যান্টিনে কর্মরত ইমাম হাসান (পিতা: আসাদুজ্জামান) নামের এক ব্যক্তিকে আটক করেন। শিক্ষার্থীদের ভাষ্য, তিনি প্রায় দুই বছর ধরে বিজয়’২৪ হলের ক্যান্টিনে কর্মরত ছিলেন।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে গোপনে ধারণ করা ভিডিও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দেওয়া হতো এবং এতে অভিযুক্তের স্ত্রীরও সম্মতি ও সম্পৃক্ততা ছিল। এ খবর ছড়িয়ে পড়ার পর হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

যৌন হয়রানিমূলক অপরাধের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ ঘটনায় একটি বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, অতীতেও শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির একাধিক ঘটনায় প্রশাসন কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি। তাই এবারও সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা ঘোষণা দেন।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, পকেট গেট এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়’২৪ হলের প্রভোস্ট বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় তথ্য জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএন