এক পা হারিয়েও থেমে নেই সুলাইমান, সাইকেল চালিয়ে ডিম বিক্রি ও ফুড ডেলিভারিতে চলছে জীবনসংগ্রামশারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ২৩ বছর বয়সী কলেজ শিক্ষার্থী সুলাইমান।
ডান পা হারানোর পরও এক পায়ে সাইকেল চালিয়ে প্রতিদিন ডিম বিক্রি, ফুড ডেলিভারি এবং পড়াশোনা—সবকিছুই সমানতালে সামলে নিচ্ছেন তিনি।জানা গেছে, কয়েক বছর আগে একটি গাছ থেকে পড়ে দুর্ঘটনায় নিজের ডান পা হারান সুলাইমান। সেই দুর্ঘটনার পর অনেকেই ভেবেছিলেন, তার স্বাভাবিক জীবন আর ফিরে আসবে না। তবে সব প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।
কৃত্রিম পা বা হুইলচেয়ারের ওপর নির্ভর না করে নিজের পুরোনো সঙ্গী সাইকেলকেই জীবিকার প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন তিনি। বর্তমানে এক পায়ে সাইকেল চালিয়েই বিভিন্ন এলাকায় ডিম বিক্রি করেন। পাশাপাশি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের ডেলিভারি রাইডার হিসেবেও কাজ করছেন।প্রতিদিন সকালে ডিম বিক্রির কাজ শেষ করে কলেজে ক্লাস করেন সুলাইমান। পড়াশোনা শেষে আবার ফুড ডেলিভারির কাজে বের হন।
গভীর রাত পর্যন্ত চলে তার কর্মব্যস্ততা।এক পায়ে দীর্ঘ সময় সাইকেল চালাতে গিয়ে শারীরিক কষ্ট হলেও মুখে সবসময় হাসি ধরে রাখেন তিনি। নিজের শিক্ষার খরচ বহনের পাশাপাশি পরিবারের আর্থিক দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন এই তরুণ।পরিশ্রম, আত্মবিশ্বাস ও অদম্য মানসিক শক্তির মাধ্যমে সুলাইমান প্রমাণ করে চলেছেন—শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের ইচ্ছাশক্তিই পারে জীবনের সবচেয়ে কঠিন বাধাকেও জয় করতে।
/বিএসএস