• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম


উপস্থিতি বাড়াতে প্রাথমিকের সাড়ে ৩ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি স্কুল ড্রেস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ১০:৪৯ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়ার হার কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সাড়ে ৩ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, একটি পাইলট প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কারণে অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে আসে না। তাদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই সরকার এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও জানান, পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে এর পরিধি আরও সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হবে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে। এ প্রবণতা কমাতে খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম এবং সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং পাঠদানের মান উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। যেসব শিক্ষক সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না কিংবা পাঠদানে অবহেলা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন এবং মনিটরিং জোরদারের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের তদারকি আরও কার্যকর করতে হবে।

সভায় তিনি আরও জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে আগামী ৯ আগস্ট থেকে সারা দেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এই আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দলগত চেতনা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এসএন