• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম


বৃষ্টি-বন্যায় ভোগান্তি, এইচএসসি পরীক্ষা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ১২:৫৯ এএম

ভারী বৃষ্টিপাত, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৩ জুলাই) বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে ১২ লাখের বেশি পরীক্ষার্থীকে। পরীক্ষা শেষে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সমালোচনা করেন।

শিক্ষামন্ত্রীর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে চট্টগ্রামের এক এইচএসসি পরীক্ষার্থী লিখেছেন, “মিলন সাহেব এত অভিশাপ কই রাখবেন?”

তিনি আরও লেখেন, “আজ যত ছাত্র-ছাত্রী আর অভিভাবকের চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দেবে, সেই কান্নায় যেন আল্লাহর আরশও রহমতে সাড়া দেয়। আল্লাহ, সবার জন্য উত্তম ফয়সালা লিখে দিন।”

কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল কলেজের এক শিক্ষার্থী মন্তব্য করেন, “আপনি আপনার পদত্যাগের মধ্যে দিয়ে আমাদের একটা সুন্দর জীবন উপহার দিন। সেটাই হবে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে উত্তম।”

আরেক পরীক্ষার্থী ব্যঙ্গ করে লেখেন, “হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকিয়ে দেখেন স্যার, শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিয়ে আসলো।”

ঢাকার এক শিক্ষার্থী মন্তব্য করেন, “সম্মানের সাথে যদি কোনো গালি থাকতো, সবগুলো আপনাকে দিতাম।”

আরেকজন লিখেছেন, “হেলিকপ্টার আর এসির নিচে থাকেন তো, সেজন্য দেশের অবস্থা চোখে পড়ে না।”

কেউ কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, “সাঁতার জানেন না তো? না জানলে কিন্তু হবে না, সাঁতারও জানতে হবে।” আবার আরেকজন লিখেছেন, “সময় ফুরিয়ে আসছে আংকেল।”

এক পরীক্ষার্থী ঐতিহাসিক উদাহরণ টেনে লেখেন, “রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল।”

বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিলেও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম ও সংশ্লিষ্ট তথ্য

/এএসএফ