• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম


নৌকায় পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের ভিডিও ভাইরাল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিবর্তন হলো এইচএসসি কেন্দ্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৬:২৩ পিএম

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারা পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিস্থিতির বিস্তারিত জানানো হলে পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে যারা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি, তাদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

এর আগে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা বর্ষণের কারণে কুমিল্লা নগরের মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্র এবং আশপাশের এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

জলাবদ্ধতার কারণে কেউ নৌকায় চড়ে, আবার কেউ কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। পরীক্ষার্থীদের প্রবেশ সহজ করতে কেন্দ্রের ভেতরেও নৌকার ব্যবস্থা করা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের ফলে নগরের প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।

/এসএন