• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ এএম


কক্সবাজারে বন্যার পানিতে নৌকাডুবি, দুই বোনের মর্মান্তিক মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ৪:৪১ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) ও জেরিন (৭) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে টানা প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিস ঝর্ণার মরদেহ উদ্ধার করে। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ছোট বোন জেরিন।

নিহত ঝর্ণা ও জেরিন স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্যার পানিতে তাদের বাড়ি তলিয়ে যাওয়ায় তিন বোন নৌকায় করে পাশের একটি উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করছিল। পথে প্রবল স্রোতের মুখে নৌকাটি ডুবে যায়। এতে ঝর্ণা, জেরিন ও তাদের আরেক বোন সাওরিন মনি পানিতে তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সাওরিন মনি ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা স্রোতের পানিতে ভেসে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ছয় ঘণ্টা অভিযান পরিচালনা করে। পরে দুপুর ২টার দিকে ঝর্ণার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও ঝর্ণাকে আর বাঁচানো সম্ভব হয়নি। দীর্ঘ উদ্ধার অভিযানের পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১টার দিকে জেরিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আব্দুল মালেক। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এএসএফ