বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি জানান, দুর্গত এলাকাগুলোতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
/এসএন