বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরই চলতি বছরের ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন বছরের শুরুতেই যাতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যেই সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে নভেম্বর মাসের মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও জানান, পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে ছাপাখানাসংক্রান্ত সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত বই মুদ্রণের কাজ শুরু করতে আগামী আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে।
এহছানুল হক মিলন বলেন, নতুন শিক্ষাবর্ষে কারিকুলামে কিছুটা পরিমার্জন আনা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণির জন্য এবার নতুন করে চারটি বই যুক্ত করা হবে।
/এসএন