• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুন ২০২৬ ১১:০২ পিএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩৫.৭৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস (মোট) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৫.৭৬ বিলিয়ন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের দিন, ১৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৮০ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক ঋণ পরিশোধ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে, যা একটি দেশের প্রকৃত ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের চিত্র তুলে ধরে।

/এএসএফ