দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সর্বশেষ হিসাবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলারের সমান।
মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার।
এর আগে, ৪ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার। সেই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৫৯৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ গণনার ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়। এর ফলে যে পরিমাণ পাওয়া যায়, সেটিই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।
/এসএন