• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম


রাষ্ট্রপতির অনুমোদন পেল দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ১১:২০ পিএম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অনুমোদনের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত রাষ্ট্রপতির কার্যালয়ে তিনি বাজেট-সংক্রান্ত প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতির এই আনুষ্ঠানিক অনুমোদনের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রস্তাবিত বাজেটের নীতিগত ও আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ১৮ হাজার কোটি টাকা। বাজেটের এই আকার বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্ববৃহৎ। প্রায় দুই দশক পর এটি বিএনপি সরকারের পক্ষ থেকে উপস্থাপিত প্রথম জাতীয় বাজেট। এর আগে ২০০৬-০৭ অর্থবছরে বিএনপি সরকারের সর্বশেষ বাজেট উপস্থাপন করেছিলেন সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান।

দীর্ঘ সময় পর প্রণীত এই বাজেটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অর্থনৈতিক গণতন্ত্রীকরণ ও নিয়ন্ত্রণমুক্তকরণ: ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের যাত্রা’।

এটি স্বাধীন বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেটও এটি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে এটিই প্রথম বাজেট উপস্থাপনের অভিজ্ঞতা।

বাজেট অনুমোদনের সময় রাষ্ট্রপতির কার্যালয়ে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাজেট নথিতে স্বাক্ষর শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটটি জাতীয় সংসদে উপস্থাপনের উদ্দেশ্যে অধিবেশন কক্ষের দিকে রওনা হন।

/এসএন