• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১০:০৫ এএম


পোশাক খাতে স্বস্তি, ঈদের আগে ৯৪ শতাংশের বেশি পোশাক কারখানায় বোনাস পরিশোধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১:১৫ পিএম

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সচল পোশাক কারখানাগুলোর মধ্যে ৯৪ দশমিক ৭০ শতাংশ কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস পুরোপুরি পরিশোধ করা হয়েছে।

সোমবার (২৫ মে) তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে মোট ২ হাজার ১৩৩টি সচল পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ২ হাজার ২১টি কারখানা ইতোমধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন করেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকায় সচল কারখানার সংখ্যা ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে রয়েছে ৩৪০টি কারখানা। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামের ৩১২টি কারখানায় শ্রমিকদের বোনাস দেওয়া শেষ হয়েছে।

এছাড়া এপ্রিল মাসের নিয়মিত বেতন পরিশোধ করেছে মোট ২ হাজার ১১৭টি কারখানা, যা মোট সচল কারখানার ৯৯ দশমিক ২০ শতাংশ। বেতন পরিশোধকারী প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার ১ হাজার ৭৮৩টি এবং চট্টগ্রামের ৩৩৪টি কারখানা রয়েছে।

অন্যদিকে মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি পোশাক কারখানা। শতকরা হিসাবে এই সংখ্যা ৩৫ দশমিক ৯৪ শতাংশ।

ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের ঢাকা ত্যাগের জন্য ধাপে ধাপে একটি সময়সূচিও নির্ধারণ করেছে বিজিএমইএ। ঈদযাত্রার সময় সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, গত ২৪ মে ১০৮টি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ছেড়েছেন। এরপর ২৫ মে ৬৬৪টি এবং ২৬ মে ৭৭১টি পোশাক কারখানার শ্রমিকরা পর্যায়ক্রমে ঢাকা ত্যাগ করবেন।

সবশেষে আগামী ২৭ মে অবশিষ্ট ২৫১টি পোশাক কারখানার শ্রমিকদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

/এসএন