• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম


গ্যাস সংকটে আটকে হাজার হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ৭:০৮ পিএম

অর্থনীতি ডেস্ক:
দেশের শিল্প খাতে তীব্র গ্যাস সংকটের কারণে অর্থনৈতিক অঞ্চলগুলোতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে আছে। উৎপাদন শুরু করতে না পেরে চরম আর্থিক চাপে পড়েছে বড় বড় শিল্পগ্রুপগুলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাস সংযোগ না থাকায় বহু কারখানা উৎপাদনে যেতে পারছে না। ফলে বিনিয়োগ অলস পড়ে আছে এবং ঋণের চাপ বাড়ছে শিল্প উদ্যোক্তাদের ওপর।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানা গেছে, কুমিল্লায় মেঘনা গ্রুপ ৩৫০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। পুরোপুরি চালু হলে সেখানে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ২০২২ সাল থেকে গ্যাসের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও সমাধান পায়নি প্রতিষ্ঠানটি।

একইভাবে সিটি গ্রুপের ছয়টি শিল্প ইউনিট এখনও গ্যাস সংযোগ পায়নি। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান জানিয়েছেন, গ্যাস সংকটের কারণে পুরো বিনিয়োগ অনুৎপাদনশীল হয়ে পড়েছে।

তিনি বলেন, বিদ্যমান কারখানাগুলোতেও পর্যাপ্ত গ্যাসচাপ না থাকায় উৎপাদন কমে গেছে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণেও প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে গ্যাস সংযোগের জন্য প্রায় ১ হাজার ৮০০টি আবেদন জমা রয়েছে। এর মধ্যে ৫৫০টি শিল্পপ্রতিষ্ঠান ৪ থেকে ৫ বছর ধরে ডিমান্ড নোটের টাকা জমা দিয়েও সংযোগের অপেক্ষায় আছে।

পেট্রোবাংলার প্রাক্কলন অনুযায়ী, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩.৮ বিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২.৬ থেকে ২.৭ বিলিয়ন ঘনফুট। ফলে শিল্পকারখানা ছাড়াও বিদ্যুৎ ও সার খাতেও সংকট তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিল্পখাত দীর্ঘদিন ধরে স্বল্পমূল্যের গ্যাসনির্ভর ব্যবস্থার ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে। গ্যাসের বিকল্প হিসেবে ডিজেল ব্যবহার করা গেলেও এতে উৎপাদন খরচ দুই থেকে তিন গুণ বেড়ে যায়, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কমিয়ে দেয়।

এদিকে সরকার জানিয়েছে, গ্যাস-বিদ্যুৎসহ ইউটিলিটি সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তবে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে সময় লাগবে বলেও স্বীকার করেছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।