দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি আগস্ট মাসের প্রথম তিন দিনেই দেশে এসেছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮৪ শতাংশ বেশি।মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৯২ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৭৬ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে (১ থেকে ৩ আগস্ট) দেশে মোট ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২২০ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮৪ দশমিক ৪ শতাংশ।শুধু ৩ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা চলতি অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে।এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) দেশে মোট ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখা এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/বিএসএস