• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পিএম


সরকারি চাকরিজীবীদের জন্য ‘বড় দুঃসংবাদ’, কমছে বৈশাখী ভাতা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫২ এএম

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন-ভাতা বৃদ্ধির প্রত্যাশা তৈরি হলেও প্রস্তাবিত বেতন কাঠামোয় বৈশাখী ভাতা নিয়ে এসেছে পরিবর্তনের আভাস। নতুন পে স্কেলে বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া বৈশাখী ভাতার হার বর্তমানের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাংলা নববর্ষ উপলক্ষে তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো কার্যকর হলে এই হার ৫ শতাংশীয় পয়েন্ট কমে ১৫ শতাংশে দাঁড়াবে।তবে ভাতার হার কমলেও নতুন বেতন কাঠামোর কারণে অনেক কর্মকর্তা-কর্মচারীর হাতে পাওয়া বৈশাখী ভাতার অর্থ কম নাও হতে পারে। কারণ প্রস্তাবিত পে স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে গ্রেডভেদে মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। ফলে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লে ১৫ শতাংশ হারে হিসাব করেও অনেকের বৈশাখী ভাতার পরিমাণ বর্তমানের তুলনায় বেশি হতে পারে।প্রস্তাবিত নতুন পে স্কেলে বাড়িভাড়া, চিকিৎসা, মোবাইল, যাতায়াত ও টিফিন ভাতাসহ বিভিন্ন ভাতায় পরিবর্তনের কথাও রয়েছে। পাশাপাশি পাহাড়ি ভাতা এবং হাওড়, দ্বীপ ও চরভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। তবে এসব ভাতার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব রয়েছে।এ ছাড়া ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতার পরিমাণও বর্তমান হারের তুলনায় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ নতুন বেতন কাঠামোয় একদিকে মূল বেতন ও কিছু ভাতা বাড়ানোর প্রস্তাব থাকলেও অন্যদিকে বৈশাখী ভাতার হার কমানোর বিষয়টি সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।তবে এসব পরিবর্তন এখনো প্রস্তাবিত বেতন কাঠামোর অংশ। চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের আগে প্রস্তাবের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আসতে পারে।

/বিএসএস