গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। পরে তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
শ্রমিকরা জানান, গত আগস্ট মাস এবং চলতি সেপ্টেম্বর মাসের বেতন তাদের বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ১০ তারিখ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু একাধিকবার সময় দেওয়ার পরও বেতন পরিশোধ করা হয়নি। এ কারণে তারা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন।
কারখানার শ্রমিক আতাউর বলেন, নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না করায় তারা সমস্যায় পড়েছেন। কারখানাও বন্ধ রয়েছে, আবার বেতনও পাওয়া যাচ্ছে না। তার মতো ৪০০ থেকে ৫০০ শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তিনি।
কারখানা সূত্রে জানা গেছে, হানিওয়েল গার্মেন্টস লিমিটেডে প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক কর্মরত রয়েছেন। আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ করতে পারেনি। পরে বেতন দিতে ব্যর্থ হওয়ায় কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এদিকে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়টি সমাধানে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কারখানার মালিক আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
/এসএন