• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম


বিশ্বের সবচেয়ে বড় জার্মান পতাকা

৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ পতাকা বানালেন মাগুরার আমজাদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুন ২০২৬ ৩:৩০ পিএম

ফুটবল বিশ্বকাপকে ঘিরে মাগুরায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়েছে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে মাগুরা শহরতলীর নিশ্চিন্তপুর স্কুল মাঠে বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ মিছিলের মাধ্যমে বিপুলসংখ্যক সমর্থক ও দর্শকের উপস্থিতিতে এই ব্যতিক্রমী পতাকা প্রদর্শন করা হয়।

অনন্য এই আয়োজন দেখতে মাগুরার পাশাপাশি কুষ্টিয়া, বরিশাল, ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে জার্মান ফুটবল দলের সমর্থকরা সেখানে উপস্থিত হন। স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষও মাঠে ভিড় জমান এই বিশাল পতাকা একনজর দেখার জন্য।

জানা গেছে, মাগুরা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা গ্রামের কৃষক আমজাদ হোসেন এই বিশালাকার পতাকাটি তৈরি করেছেন। এর আগে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তিনি ৩ কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা তৈরি করে ব্যাপক আলোচনায় এসেছিলেন। এবার সেই রেকর্ড ছাড়িয়ে তিনি সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছেন।

এত বড় পতাকা তৈরির জন্য তিনি নিজের ৩০ শতক জমি বিক্রি করেছেন বলে জানা গেছে। ফুটবল ও জার্মানির প্রতি তার দীর্ঘদিনের ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছেন তিনি।

জার্মান দলের প্রতি এমন আবেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমজাদ হোসেন বলেন, ২০১২ সালে তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। সে সময় জার্মানিতে তৈরি একটি ওষুধ সেবনের মাধ্যমে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকেই জার্মানির প্রতি তার বিশেষ ভালোবাসা তৈরি হয়। সেই কৃতজ্ঞতা থেকেই তিনি জার্মান ফুটবল দলের সমর্থক হয়ে ওঠেন এবং নিয়মিতভাবে বিভিন্ন আয়োজন করে আসছেন।

আমজাদ হোসেন দাবি করেন, বর্তমানে এটিই বিশ্বের সবচেয়ে বড় জার্মান পতাকা। তার প্রত্যাশা, মৃত্যুর পর এই পতাকাটি জার্মান সরকার তাদের দেশের কোনো জাতীয় জাদুঘরে সংরক্ষণ করবে।

ফুটবল ও জার্মানির প্রতি তার এই ব্যতিক্রমী ভালোবাসার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ইতোমধ্যে তাকে ‘জার্মান ফ্যান ক্লাব’-এর অফিসিয়াল সদস্যপদ প্রদান করেছেন বলেও জানা গেছে।

/এসএন