• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম


১,৯০০ পিস ইয়া’বাসহ সাবেক ছাত্রদল নেতা আট’ক, উদ্ধার নগদ টাকাও

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুন ২০২৬ ১১:০২ পিএম

বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ অর্থসহ দুই ব্যক্তিকে আটক করেছে আমতলী থানা পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে খোন্তাকাটা বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আমতলী পৌরসভার নতুনবাজার বাঁধঘাট এলাকার মৃত গাজী আব্দুল জলিলের ছেলে ও সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজন হাওলাদার।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে এবং এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল খোন্তাকাটা বটতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে সন্দেহজনকভাবে অবস্থানরত জনি গাজী ও সুজন হাওলাদারকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৬৪০ টাকাও জব্দ করা হয়। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। তবে সাম্প্রতিক সময়ে পুলিশের বিশেষ অভিযানের কারণে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সর্বশেষ এই অভিযানের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “মাদক, চাঁদাবাজি, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “উদ্ধারকৃত ইয়াবার জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

/এসএন