• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম


‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নেত্রকোনার জুলাই স্মৃতিস্তম্ভে আ’গুন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুন ২০২৬ ৩:১৬ পিএম

নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ২৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) রাতে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া সেতু এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে দুর্বৃত্তরা আগুন দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলছে। আগুন দেওয়ার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। একই সময় ভিডিওতে উপস্থিত কয়েকজনকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর পোড়া দাগের চিহ্ন দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়।

ঘটনার বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিনজাতীয় কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভটিতে আগুন লাগানো হয়েছিল।

তিনি জানান, স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশ গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, অগ্নিসংযোগের পেছনের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

/এসএন