ছবি: সংগৃহীত
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ পরিবহণের একটি বাস পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৮) এবং তাদের ১০ বছর বয়সী মেয়ে জান্নাত।
ধারণা করা হচ্ছে, ঈদ উপলক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি উজিরপুরে ফিরছিলেন ফিরোজ হাওলাদার। পথে গৌরনদীর বাটাজোর এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনার পরপরই বাসটির চালক যানটি ফেলে পালিয়ে যান। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।