• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০০ এএম


ট্রেনের ছাদে বাড়ি ফেরা, ব’জ্রপাতে প্রাণ গেল যাত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ৯:৪৫ এএম

ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সজিব সরকার ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে করে যাত্রা করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে প্রবল বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছয় নম্বর বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের শরীরে বজ্রপাত আঘাত হানে।

পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ট্রেনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত সজিব সরকার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকার একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। পরিবার সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বজ্রপাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বুকের লোম পুড়ে যাওয়ার আলামত পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এসএন