• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১১ এএম


সিদ্ধিরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধ’র্ষণের অভিযোগে জামাই গ্রেপ্তার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ মে ২০২৬ ৫:২৯ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগে তার মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার বড় বাড়িয়া এলাকার মো. জাহিদুল হক ফকিরের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ওমরপুর আইয়ুবনগর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধার মেয়ে প্রায় ছয় মাস ধরে দুবাইয়ে অবস্থান করছেন। ওই নারী তার ৭ বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার মোফাজ্জলের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একই ফ্ল্যাটের একটি কক্ষে থাকতেন অভিযুক্ত সাকিল।

অভিযোগে বলা হয়, গত ১১ মে রাত ৩টার দিকে সাকিল ঘুম থেকে ডেকে শাশুড়িকে নিজের কক্ষে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর লোকলজ্জা ও ভয়ের কারণে বিষয়টি গোপন রাখেন ভুক্তভোগী নারী। পরে প্রবাসী মেয়েসহ আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, শাশুড়িকে ধর্ষণের মতো জঘন্য ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

/এসএন