পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর খামারে এখন কোরবানির পশু নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। বড় আকৃতির গরু ও বিদেশি জাতের পশু দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। সম্প্রতি ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের মহিষ ভাইরাল হওয়ার পর এবার আলোচনায় এসেছে ‘নরেন্দ্র মোদি’ নামে পরিচিত একটি মহিষ।
জানা গেছে, মহিষটির অস্বাভাবিক লম্বা সাদা দাড়ি ও ভিন্নধর্মী চেহারার কারণেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিরল প্রজাতির অ্যালবিনো বা গোলাপি আভাযুক্ত এই বিশাল মহিষটি রয়েছে নারায়ণগঞ্জের আরকে এগ্রো ফার্মে।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মহিষটির শরীরে হালকা সাদা রঙের আভা এবং মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি সহজেই সবার নজর কাড়ছে। এই মহিষটিকে এক নজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
খামারি ও দর্শনার্থীরা জানান, কোরবানির ঈদ ঘিরে মহিষটিকে দেখতে জেলাজুড়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ খামারে এসে এটি দেখছেন। এর আগে নারায়ণগঞ্জের একটি খামারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো চেহারা ও চুলের মিল থাকায় একটি মহিষ ভাইরাল হয়েছিল। পরে ‘নেতানিয়াহু’ নামের আরেকটি মহিষ নিয়েও আলোচনা হয়। এবার সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে ‘নরেন্দ্র মোদি’ মহিষ।
খামার কর্তৃপক্ষ জানায়, ভাইরাল হওয়া মহিষটি মূলত ‘নীলি রাভি’ জাতের। এর ওজন প্রায় ৭০০ কেজি। প্রায় চার বছর আগে মহিষটিকে খামারে আনা হয়েছিল। ইতোমধ্যে এটি বিক্রি হয়ে গেছে। খামারে বর্তমানে নীলি রাভি জাতের আরও ৪ থেকে ৫টি মহিষসহ মোট সাড়ে তিনশ’ কোরবানির পশু প্রস্তুত রয়েছে।
তবে খামার কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, মহিষটির নাম তারা ‘নরেন্দ্র মোদি’ রাখেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরাই এই নাম ব্যবহার শুরু করেন।
গুগল-এআইসহ বিভিন্ন সূত্রে জানা যায়, ‘নীলি রাভি’ পাকিস্তান ও ভারতের পাঞ্জাব অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় ও উচ্চ উৎপাদনশীল একটি গৃহপালিত মহিষের জাত। মূলত দুধ উৎপাদনের জন্য এই জাত বিশ্বজুড়ে পরিচিত। একে মহিষের ‘মুররাহ’ জাতের সমকক্ষ হিসেবে বিবেচনা করা হয়।
পাকিস্তানের শতদ্রু ও রাভী নদীর মধ্যবর্তী অঞ্চলকে এই জাতের আদি নিবাস ধরা হয়। শতদ্রু নদীর পানির রঙ নীলাভ হওয়ায় ওই অঞ্চলের মহিষকে ‘নীলি’ এবং রাভী নদীর তীরবর্তী এলাকার মহিষকে ‘রাভী’ বলা হতো। দীর্ঘদিনের সংকরায়নের মাধ্যমে ১৯৫০-এর দশকে এই দুটি জাতকে একত্র করে ‘নীলি রাভি’ নামে স্বীকৃতি দেওয়া হয়।
আর কে এগ্রো ফার্মের ব্যবস্থাপক নাজির হোসেন ইত্তেফাক ডিজিটালকে বলেন, “মহিষটির ছবি ফেসবুকে দেওয়ার পর মানুষ এই নাম দিয়েছে। নামটি আমাদের দেওয়া নয়। নীলি রাভি জাতের এই মহিষটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।”
তবে কী পরিমাণ দামে মহিষটি বিক্রি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
খামারিরা মনে করছেন, ঈদুল আজহাকে ঘিরে ব্যতিক্রমী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। কেউ নাম দিচ্ছেন ট্রাম্প, কেউ নেতানিয়াহু। সেই ধারাবাহিকতায় এখন আলোচনার কেন্দ্রে এসেছে সাদা দাড়িওয়ালা ‘মোদি’ মহিষ।
উল্লেখ্য, এর আগে শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি মহিষ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। পরে ‘নেতানিয়াহু’ নামের আরেকটি মহিষ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়।
/এসএন