• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম


বরিশালে বালুভর্তি বস্তায় রহস্যজনক বিস্ফো/রণ, নারী-শিশুসহ দ/গ্ধ ৩

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ আগস্ট ২০২৬ ৮:৪৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম দগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

আহতদের স্বজনদের ভাষ্য, ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গিয়ে হনুফা বেগম, ইতি ও ফাহিম দগ্ধ হন। প্রাণ বাঁচাতে তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে বোমার মতো একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে তার মা, বোন ও ভাগ্নের শরীরে আগুন ধরে যায়। তবে ওই বিস্ফোরকটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, বিস্ফোরিত বস্তুটি বোমা ছিল কি না, সে বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়।

/এসএন