বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল।
একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, হাম শনাক্ত হওয়ার পর যে শিশুটির মৃত্যু হয়েছে, সে ঢাকার বাসিন্দা। আর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে বরিশালে ১ জন, ঢাকায় ৫ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন এবং সিলেটে ১ জন রয়েছে।
এর আগে গত ৪ মে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ২৭৯ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৫৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৩৮ শিশু।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।