• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম


দুই বছরেও কাজ শেষ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান

চট্টগ্রামে ইপিজেড সড়ক হয়ে উঠেছে ভয়ঙ্কর ‘মরণফাঁদ’!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ মে ২০২৬ ৮:৫৭ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ইপিজেড থেকে ফ্রি পোর্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখন যেন দুর্ভোগের আরেক নাম। মাত্র দেড় কিলোমিটার পথ পাড়ি দিতেই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রী ও চালকদের।

খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক, কর্দমাক্ত পরিবেশ ও দীর্ঘ যানজটের কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন কয়েক লাখ মানুষ।

এই সড়ক দিয়েই চলাচল করে চট্টগ্রাম বন্দর-গামী ভারী যানবাহন, কাভার্ড ভ্যান, ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ি। পাশাপাশি চাকরিজীবী, গার্মেন্টস শ্রমিক, শিক্ষার্থী ও বিমানবন্দরগামী যাত্রীদেরও নির্ভর করতে হয় এই পথের ওপর।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কোনো উন্নতি হয়নি। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, উঠে গেছে পিচঢালাই। বৃষ্টির সময় গর্তে পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা হাবিবুল করিম বলেন, “একসময় দ্রুত চলাচল করা গেলেও এখন সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে।”

গার্মেন্টস কর্মী জাহিদ জানান, প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। যানবাহন বিকল হয়ে সড়কের মাঝখানে আটকে পড়ায় দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, সড়কের কারণে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বেড়েছে।

সড়কের পাশে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণকাজ চলছে। বড় বড় মাটির স্তূপ এবং চলমান ফুটপাত ও নালা নির্মাণকাজের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলমান থাকায় তারা সড়কটি সংস্কার করতে পারছে না। এ জন্য প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করছেন নগর কর্তৃপক্ষ।

/এএসএফ