ছবি: সংগৃহীত
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় একটি সেচঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত কৃষকের নাম মফিজার রহমান। পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন, তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর মাঠের সেচঘরে পাহারা দিতে যান মফিজার রহমান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামের এক কৃষক গরু নিয়ে মাঠে যাওয়ার সময় সেচঘরের দরজা খোলা দেখতে পান। একই সঙ্গে ট্রান্সমিটারটিও খোলা অবস্থায় ছিল।
পরে তিনি সেচঘরের ভেতরে গিয়ে মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয় লোকজনের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা সেচের ট্রান্সমিটার চুরি করতে আসে। এ সময় মফিজার রহমান বাধা দিলে তাঁকে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কাজ করছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’
/এইচটি