চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রায় দুই কোটি ৩১ লাখ ৭১ হাজার ১১৬ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক ও সেতু উদ্বোধনের আগেই ধসের মুখে পড়েছে। উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা–নিন্দপুর রঙের বাজার সংযোগ সড়কের হরিপুর এলাকায় নির্মাণাধীন সেতুর অ্যাপ্রোচ অংশে এ ধস দেখা দেয়।
এ ঘটনায় শুধু অ্যাপ্রোচই নয়, আরসিসি গার্ডার সেতুর দুই পাশের গার্ডওয়াল এবং সংযোগ সড়কের মাটিও সরে গিয়ে পুরো কাঠামো ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় এই সেতু ও সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রায় ১২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু এবং সংযোগ সড়ক নির্মাণের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হারুন অ্যান্ড সন্স, যার মালিক মো. হারুনুর রশিদ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর উভয় পাশের গার্ডওয়ালের নিচের মাটি সরে গেছে এবং সংযোগ সড়কের বিভিন্ন স্থানে বড় ফাটল ও গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই মাটি ধুয়ে গিয়ে কার্পেটিং নষ্ট হয়ে পড়ছে। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. হযরত আলী ও মো. জিলানীসহ অনেকেই বলেন, সেতুর কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এর মধ্যেই যদি সড়ক ভেঙে যায়, তাহলে বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হবে। তারা অভিযোগ করেন, কোটি টাকার প্রকল্পে এমন নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে ঠিকাদার মো. হারুনুর রশিদ বলেন, বৃষ্টির কারণে সংযোগ অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা ইতোমধ্যে মেরামত করা হয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে তা আবারও ঠিক করা হবে বলেও জানান তিনি।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানান, বৃষ্টির কারণে কিছু অংশে ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঠিকাদার এখনো পুরো বিল পাননি। কাজের মান যাচাইয়ের পরই চূড়ান্ত বিল পরিশোধ করা হবে।
/এসএন