• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১১ এএম


ডেমরায় সুইমিংপুলে নেমে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ১০:২৯ পিএম

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় বন্ধুদের সঙ্গে সুইমিংপুলে গোসল করতে নেমে মো. সাকিব হোসেন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব দনিয়া কলেজ-এর চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি কদমতলীর দনিয়া বড়বাড়ি এলাকার বাসিন্দা এবং ইলেকট্রিক মিস্ত্রি আরিফ আলীর একমাত্র ছেলে।

সাকিবের বন্ধু ইফাত পাটোয়ারী জানান, প্রায় ১৬ জন বন্ধু মিলে ৩ হাজার ২০০ টাকায় কোনাপাড়ার একটি সুইমিংপুল ভাড়া নেন। মাঠে ফুটবল খেলার পর সবাই একসঙ্গে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ সাকিব পানিতে তলিয়ে যান।

পরে বিষয়টি টের পেয়ে সুইমিংপুল কর্তৃপক্ষের সহায়তায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। তবে জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।