নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ল্যাপটপটি তুলে দেন।
ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। একই সঙ্গে বাংলাদেশে ভ্রমণের সময় পাওয়া ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে নিজের ব্যাগটি রেখে গিয়েছিলেন তিনি। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগ—কোনোটিরই সন্ধান পাননি ক্রিল। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কোনো কর্মকর্তা নন।
এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জার্মান এই পর্যটক। এরপর চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল অভিযান শুরু করে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ক্রিলের ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার এবং পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।
এ সময় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন তিনি। পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত ও পেশাদার সেবা প্রদান এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন আইজিপি।
জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এর আগে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ক্রিলের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে গত ১০ অক্টোবর তাঁর হাতে একটি ম্যাকবুক উপহার দেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ।
রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ক্রিলের হাতে উপহারটি তুলে দেওয়া হয়। বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে তরুণ পর্যটকটি যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশার কথা জানিয়েছিলেন মুক্তি মাহমুদ।
/এসএন